‘এটাই আমার কাজ, আমাকে করতে হবে’, ম্যাচ জিতিয়ে বললেন রিশাদ


 একই দিনে দুটি কীর্তি গড়েছেন। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশের কোনো ডানহাতি স্পিনারেরই ওয়ানডেতে এমন কীর্তি ছিল না। পরে আরও এক উইকেট নিয়ে রিশাদ হয়ে গেছেন ৬ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি স্পিনারই।

তবে ‘ফাইফারের’ প্রথম ‘ফাইফার’ কীর্তির অনুভূতি স্বল্পভাষী এই লেগ স্পিনার প্রকাশ করলেন মাত্র কয়েক শব্দে, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন।’
আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৭৪ রানের জয়ে রিশাদের ৬ উইকেট পাওয়ার ঘটনাটা ম্যাচের দ্বিতীয় অংশের। বোলিংয়ের কীর্তির আগে ব্যাট হাতেও দলের রানটা দুই শ পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ৮ নম্বরে নেমে ২ ছক্কা ১ চারে ১৩ বলে করেন ২৬ রান। শেষ দিকে নেমে রিশাদ আক্রমণাত্মক ব্যাটিং করে দলের রানটা বাড়াতে সহায়তা করেন প্রায়ই।
ব্যাটিংয়ের সময়ের ভাবনার কথা জানাতে গিয়ে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে রিশাদ বললেন, ‘যখন ব্যাটিংয়ে নামি তখন আমার মাথায় থাকে কীভাবে একটু বাড়তি রান করা যায়। যে জায়গায় ১৮০ হয়, সেখানে যদি ২১০–২১৫ হয়, তাহলে ভালো। আমি বুঝি দলের কী দরকার, সেটাই চেষ্টা করি ব্যাটিংয়ে।’
ব্যাটিংয়ে ২০৭ রানের পুঁজি গড়া বাংলাদেশ পরে রিশাদের ৩৫ রানে ৬ উইকেট নেওয়া বোলিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে আটকে দেয়। কে ম্যাচসেরা, সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়নি। তবে নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে রিশাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস নেই, ‘আসলে তেমন কিছু বলার নেই। এটা আমার কাজ, আমাকে করতেই হবে। সবাই আজ একটু ভুগছিল, আমি চেষ্টা করছিলাম সেরাটা দিতে।’

ওয়েস্ট ইন্ডিজ দলের সংবাদ সম্মেলনে অধিনায়ক শাই হোপ জানান, তাঁর দলের ব্যাটসম্যানেরা বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে ভুগেছেন। বিশেষ করে রিশাদের বলে, ‘স্পিনারদের অনেক বেশি সুবিধা দিয়েছে এই উইকেট। রিশাদ খুব ভালো লাইন-লেন্থে বল করেছে। আমাদের ব্যাটসম্যানদের জন্য ধারাবাহিকতা ধরে খেলাটা কঠিন করে ফেলেছিল।’
ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় দেওয়া হোপ জানান, তাঁর দল ২০৮ রানের জয়ের লক্ষ্য পেয়ে আত্মবিশ্বাসী ছিল, ‘যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে, যেকোনো লক্ষ্য তাড়া করতে পারবেন—এই বিশ্বাসটা থাকতে হবে। যদি কোনো দল ৫০ ওভারে ৫০০ রানও করে, তখনো আপনার বিশ্বাস থাকতে হবে এই রান করতে পারবেন। আমাদেরও তা ছিল।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর মিরপুরে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url