আশরাফুল বিসিবির কোচ হওয়ার প্রস্তাব পেলেন
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যানেল 24 কে বিষয়টি আশরাফুল নিজেই নিশ্চিত করেছেন।
বিসিবি থেকে প্রস্তাব পেলেও আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি অবশ্য আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি যদি দায়িত্ব নেন, তাহলে সেটি জাতীয় দল নাকি বিসিবির অন্য কোনো পর্যায়ে, সেটা এখনো নিশ্চিত নয়। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও গ্লোবাল সুপার লিগে (জিএসএল) কোচিং করিয়েছেন আশরাফুল। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। এবার বিসিবির অধীনে কাজ করতে মুখিয়ে আছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। তবে জাতীয় দল নাকি অন্য কোনো পর্যায়ে কোচিং করাবেন সেটি এখনও নিশ্চিত করতে পারেননি আশরাফুল
এদিকে সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো ব্যাটিং করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা যেন মৌলিক ব্যাটিং করতেই ভুলে গেছেন। প্রতিপক্ষের বোলারদের সুযোগ দিয়ে নিজেদের উপর চাপ বাড়িয়ে বেশিরভাগ ব্যাটারই ফিরছেন হতাশ হয়ে। সবশেষ কয়েকমাস ধরেই টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার—সব জায়গায় ধুঁকছেন সবাই। অথচ লম্বা সময় ধরেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়া খেলছে বাংলাদেশ।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে এশিয়া কাপের পর সবশেষ আফগানিস্তান সিরিজেও ব্যাটাররা রানে ফিরতে পারেননি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন ছন্দহীন ব্যাটিং ভাবাচ্ছে বিসিবিকে। এমন অবস্থায় জাতীয় দলের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করছে বোর্ড।
তাই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। এজন্য দেশের ও দেশের বাইরের কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। যদিও অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকখানি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে লম্বা খেলা সাবেক ওই ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে বিসিবিও ইতিবাচক।
যদিও এখনো পুরোপুরি অনিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এরই মাঝে আশরাফুলের কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টি সামনে এলো। এখন দেখার বিষয়, তিনি জাতীয় দল নাকি বিসিবির অন্য কোনো পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব নেন।